ফেনীতে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত এক্সক্যাভেটরে আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ এএম

ফেনীর দাগনভূঞা পৌরসভায় সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার হারাধন ডাক্তারবাড়ি থেকে আলাইয়ারপুর সড়কের নির্মাণকাজ চলাকালে এ ঘটনা ঘটে। এতে যন্ত্রটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগানোর কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত এক্সক্যাভেটরটি ‘সেলিম অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক উন্নয়নকাজে ব্যবহার করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আবদুল কাদের বাবু।

আবদুল কাদের বাবু বলেন, ‘দাগনভূঞা পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হারাধন ডাক্তারবাড়ি থেকে আলাইয়ারপুর সড়কের প্রায় ৯৪০ মিটার অংশে কার্পেটিংসহ উন্নয়নকাজ চলছে। চার দিন আগে কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছিল।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের পর থেকে এক্সক্যাভেটরটির কাজ বন্ধ ছিল। শুক্রবার দিবাগত রাতে এতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন।’

তার দাবি, এক্সক্যাভেটরটির বিভিন্ন অংশে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে আবদুল কাদের বাবু বলেন, ‘তার কাছে কেউ চাঁদা দাবি করেনি কিংবা এ-সংক্রান্ত কোনো হুমকিও দেয়নি। তাই ঘটনাটিকে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত করার মতো কোনো তথ্য তার কাছে নেই। তার ধারণা, পৌরসভার উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে সন্দেহ করছেন না বলে জানান তিনি।’

এদিকে, পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত যন্ত্রে আগুন দেওয়ার ঘটনায় সড়কটির নির্মাণকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন