চট্টগ্রামের খুলশীর সেই ওসিকে খুলনায় পদায়ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম

চট্টগ্রাম নগর ভবনে ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ঘিরে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিমকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছিল। এবার তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১০ অক্টোবর) কালবেলার হাতে আসা পুলিশ সদর দপ্তরের এক আদেশের কপি থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে, গত ৮ অক্টোবর জারি করা আদেশে জনস্বার্থে আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়নের কথা উল্লেখ রয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন।

আদেশ অনুযায়ী, গতকাল ১০ অক্টোবরের মধ্যে তাকে সিএমপি থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। তা না হলে আজ ১১ অক্টোবর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

গত ৬ অক্টোবর রাতে বগাকে গ্রেপ্তার করতে নগরভবনে অভিযান চালায় খুলশী থানা-পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে মেয়রের হস্তক্ষেপে অভিযান শেষ না করেই নগর ভবন থেকে ফিরে যায় পুলিশ। এ সময় বগা সেখান থেকে পালিয়ে যান।

পরদিন বগাকে গ্রেপ্তারের উদ্যোগ ও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মেয়র। খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমেরও সমালোচনা করেন তিনি। বগাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন মেয়র।

এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ অক্টোবর সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা আদেশে আবদুর রহিমকে খুলশী থানা থেকে সিটিএসবিতে বদলি করা হয়। একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছিল। এর এক দিন আগে নগর ভবনে অভিযান ও মেয়রের সঙ্গে পুলিশের বিরোধের ঘটনা ঘটেছিল। এরপর ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নতুন আদেশে আবদুর রহিমকে সিএমপি থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগসহ ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এছাড়াও পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় বগাকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে খুলশী এলাকায় অভিযান চালানোর সময় বগার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা করেন বলে পুলিশের দাবি। ওই ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলাতেও বগাকে প্রধান আসামি করা হয়।

১৩ সেপ্টেম্বর বগার বাবা মো. জাবেদ খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি করা হয়।

এদিকে খুলশী থানা এলাকায় কিশোর গ্যাং-সংক্রান্ত অপরাধ নিয়েও সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতা আলোচনায় আসে। গত ২৭ সেপ্টেম্বর রাতে ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় আট কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জানায়, সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘাত থেকে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত হৃদয় ফাইভ স্টার গ্যাংয়ের সদস্য ছিল। গ্রেপ্তার আটজন সেভেন স্টার গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, বগা ও রকিবুল ইসলাম ওরফে পিচ্চি সেভেন স্টার গ্যাং পরিচালনা করেন। অন্যদিকে বিজয়, কামরান ও শান্তর নেতৃত্বে ফাইভ স্টার গ্যাং পরিচালিত হয় বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত ছয় মাসে এই থানায় পাঁচজন ওসি বদলি হয়েছেন। তাঁদের একজন দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় অন্যত্র বদলি হন। নগর পুলিশের বিশেষ শাখা থেকে আবদুর রহিম গত ২৩ আগস্ট খুলশী থানার ওসি হিসেবে যোগ দেন। ৭ অক্টোবর তাঁকে সিটিএসবিতে বদলি করা হয়। সে হিসাবে থানায় তাঁর দায়িত্ব পালনের মেয়াদ ছিল প্রায় এক মাস ১৪ দিন।

তার আগে মোজাম্মেল হক ১৫ জুন খুলশী থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন। দুই মাস আট দিনের মাথায় তাঁকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়। এর আগে ১৩ জুন বাকলিয়া থানা থেকে বদলি হয়ে মোহাম্মদ সোলাইমান খুলশী থানায় যোগ দেন। মাত্র দুই দিনের মাথায় ১৫ জুন তাঁকে সিটিএসবিতে বদলি করা হয়।

সোলাইমানের আগে খুলশী থানার ওসি ছিলেন আরিফুর রহমান। ২৫ মার্চ তিনি দায়িত্ব নেন। ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে ১৩ জুন তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়। 

এর আগে, সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর জাহিদুল ইসলামকে খুলশী থানার ওসি করা হয়েছিল। প্রায় সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর ২৫ মার্চ তাকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়। এর মাঝেই আবদুর রহিমের থানা থেকে সরে যাওয়া এবং পরে চট্টগ্রামের বাইরে পদায়নের ঘটনা নতুন করে আলোচনায় আসে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন