একসময় ময়লা-আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন বাসিন্দারা। সেই চিত্র বদলে এখন সবুজ গাছপালা আর পরিচ্ছন্ন পরিবেশে দৃষ্টিনন্দন এক আবাসিক এলাকায় পরিণত হয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের প্রচেষ্টায় গড়ে ওঠা ব্যতিক্রমী কলোনি দেখতে ছুটে গেলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর এলাকাটির পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে তাকে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনির ছবি দেখান। পরে সরেজমিনে এলাকাটি পরিদর্শনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুযায়ী তিনি বাঁশবাড়ি কলোনি দেখতে এসেছেন।
মন্ত্রী বলেন, দেশের বিভাগীয় শহরগুলোর জনবসতিপূর্ণ এলাকাকে কীভাবে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা যায়, সে বিষয়ে সরকার কাজ করতে চায়। বাঁশবাড়ি কলোনির মতো এলাকাগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নগরীর পরিবেশের উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত করা সম্ভব হবে।
স্থানীয়দের উদ্যোগে বাঁশবাড়ি কলোনির পরিবর্তনের প্রশংসা করে তিনি বলেন, এলাকাটি পরিচ্ছন্নতা ও সবুজায়নের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া গেলে নগরীর পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় বাঁশবাড়ি কলোনির বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকত। দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হতো বাসিন্দাদের। পরে স্থানীয় তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এর সঙ্গে যুক্ত হন এলাকার বাসিন্দারাও। সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে বদলে যায় পুরো এলাকার চিত্র।
বর্তমানে সবুজ গাছপালা ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে কলোনিটি নগরবাসীর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ এলাকাটির সৌন্দর্য দেখতে আসেন।
ঘনবসতিপূর্ণ এলাকায় পরিকল্পিত সবুজায়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে স্থানীয়রা বলেন, বাঁশবাড়ি কলোনির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরীর অন্যান্য আবাসিক এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
