পুলিশ সদস্যকে কুপিয়ে টাকা-মোবাইল ফোন লুট করলো ছিনতাইকারীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ এএম

খুলনায় টহল পুলিশের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ পরিদর্শক। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর এলোপাতাড়ি কোপ দেয় দুর্বৃত্তরা। শাহ আলম (৪৩) নামে গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কোপ দিয়ে পালিয়ে যায় তারা।

পরে আহত শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শাহ আলম জেলা পুলিশে কর্মরত। শুক্রবার রাতে তার ডিউটি ছিল। ডিউটি শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন।

ওসি আরও জানান, শাহ আলম পুলিশ ক্লাবেই থাকেন। ঘটনাস্থল থেকে কিছুটা সামনে রূপসা মোড়ে পুলিশের টহল গাড়ি ছিল। কলেজিয়েট স্কুলের পাশের অন্ধকার গলি থেকে বেরিয়ে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন