নড়াইলে লোহাগড়া উপজেলায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি মো. তৈয়ব আলীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) কোটাকোল লঞ্চঘাট এলাকায় বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপরে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে পাওয়া ব্যাগ থেকে ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজা এবং একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজার অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তৈয়ব মাদক কারবারি কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত বালা মোল্যার ছেলে। তিনি পেশায় একজন ট্রলার চালক। এছাড়া তল্লাশির সময় মো. আকরাম মোল্যা (৪৬) নামের একজন পালিয়ে যান। সে তৈয়বের আপন চাচাতো ভাই।
এ ঘটনায় আটক মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে আটক আসামি তৈয়ব মোল্যা ও পলাতক আসামি আকরাম মোল্যার নামে দুপুরে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পলাতক আকরাম মোল্যাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
