ইংল্যান্ডের ২৫ ও বায়ার্নের ৪৫ বছরের অপেক্ষা ঘোচালেন কেইন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ এএম

ইংল্যান্ডের ফুটবলে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটালেন হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন বায়ার্ন মিউনিখের ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। একইসাথে ১৯৮১ সালের পর এবারই প্রথম বায়ার্ন মিউনিখের কোনো খেলোয়াড়ের হাতে উঠল এই পুরস্কার।

নিজের বেড়ে ওঠার শহর লন্ডনে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো ‘ফেনোমেনন’-এর হাত থেকে ট্রফি গ্রহণ করে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতার গৌরব অর্জন করলেন তিনি।

পাশাপাশি, ১৯৮১ সালে কার্ল-হেইঞ্জ রুমেনিগের ৪৫ বছর পর বায়ার্ন মিউনিখের প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন এই ইংলিশ তারকা। এর মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। এক মৌসুমে বায়ার্নের আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি।

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। তাদের পেছনে ফেলে পুরস্কার জেতার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, ‘আমি প্রায় ভাষাহীন। এটা লন্ডনে হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

তিনি আরও যোগ করেন, ‘জানি, এ বছরটা অনেক কঠিন ছিল। এই কক্ষে বিশ্বমানের সব খেলোয়াড়। তাদের এবং বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন