বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন করা হয়। এ আইনের মাধ্যমে দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার অধীন ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল।

সংবিধানের নিয়ম অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম বৈঠকেই তা উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। তাই জারি করা অধ্যাদেশটিকে আইনে পরিণত করার জন্যই ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হয় এবং তা অনুমোদন পায়।

লেজিসলেটিভ বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই সাপেক্ষে এটি এখন বিল আকারে জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন