‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রাষ্ট্রচিন্তা ও সমকালীন বিশ্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় সিরাত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। সম্মেলনে অংশগ্রহণ করে তা সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ।
বুধবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তারা এ আহ্বান জানান।
সভায় শেখ ফজলুল করীম মারুফ বলেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সমাজ ও রাষ্ট্রে এই মহান আদর্শের অনুপস্থিতির কারণেই সরকার ও জনগণের মধ্যে হাহাকার ও না পাওয়ার হতাশা বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় সিরাত বাস্তবায়নের বিকল্প নেই।
কে এম শরীয়াতুল্লাহ বলেন, গুম, খুন, দুর্নীতি, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণসহ সামাজিক অপরাধ দূর করতে সীরাত প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য। এ জন্য ৭ নভেম্বরের সীরাত সম্মেলন সফল করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ব্যক্তিজীবনের গণ্ডি ছাড়িয়ে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন ও আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা নজরুল ইসলাম খোকন, হাফেজ সালাহউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রাজ্জাক আকন, অর্থ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
