দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বও পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।

তাকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

ড. এমএ মুহিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ইংল্যান্ডে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ শেষে ২০০০ সাল থেকে লন্ডনের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিশুদের চক্ষুরোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সাইটসেভার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. এমএ মুহিত।

গবেষণা ও জনস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবির মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো’ পদক অর্জন করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর