স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম নির্বিঘ্নে দুর্গোৎসব হয়েছে: অপর্ণা রায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ PM

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বলেছেন, ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই সঙ্গে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনেও লাগে প্রাণের ছোঁয়া। এরই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুটি উৎসবেই সরকারের সব বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির সব নেতাকর্মী এ ব্যাপারে কাজ করেছেন। 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় আরো বলেন, ১৯৭১ সালে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে স্বপ্নের বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে।

শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে এবং তরুণ কুমার সাহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দল আহবায়ক মো. তোসিকুল ইসলাম,  ইউসুফ আলী, যুবদল জেলার সদস্য সচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, ছাত্রদল জেলা সদস্য সচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক শ্রী মহন্ত হালদার, সদস্য সচিব সঞ্জীব সাহা প্রমুখ।

অনুষ্ঠানে নির্বিঘ্ন পূজা উদযাপনের ব্যবস্থা করায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং দেশের সনাতনীদের পক্ষ থেকে অপর্না রায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে আগামীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সব সনাতনীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।