আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমান উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ও স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু তহবিল যেন দুর্নীতিমুক্তভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটির প্রতিনিধি দল।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আনতালিয়ায় কপ-৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তহবিলের স্বচ্ছতা ও নিয়মিত ট্র্যাকিং রিপোর্টের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে জলবায়ু তহবিলের আওতায় যেসব আন্তর্জাতিক অর্থ এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, আগামীতে যে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ আসতে যাচ্ছে, তা যেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ পায় এবং পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে। তহবিলের স্বচ্ছতা নিশ্চিতে অর্থ খরচের নিয়মিত ‘ট্র্যাকিং রিপোর্ট’ জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো দায় না থাকলেও সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব এ দেশের ওপরই পড়ছে উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে বাংলাদেশ যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। আবার এর বেশিরভাগই এসেছে ঋণ (লোন) হিসেবে। ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল সংগ্রহে সরকারকে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় পরিবেশ রক্ষায় জামায়াতে ইসলামীর ‘থ্রি-জিরো ভিশন’ (জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট এবং জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন) তুলে ধরে তিনি জানান, সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টে দলটির পক্ষ থেকে এই রূপকল্প উপস্থাপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু হিসেবে না দেখে, প্রত্যাশিত তহবিল আদায়ে সকল পক্ষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্যাভিলিয়নে অসহযোগিতার অভিযোগ
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, ‘আজ শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করার পূর্বনির্ধারিত সূচি থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ তাতে অসহযোগিতা করেছে।’
তিনি বলেন, ‘প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সাথে কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা সহযোগিতা করেননি, যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘জামায়াত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে বিশ্বের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এই সম্মেলনে এসেছে, কিন্তু সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি।’
সংবাদ সম্মেলনে কপ-৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
