বাংলাদেশ দলে স্কোরার সংকট নিয়ে দুশ্চিন্তা নেই বলে জানিয়েছে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি। বিশেষ করে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচের পর তিনি অনেক অনেক আশাবাদী। পাকিস্তান ম্যাচে ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় আক্রমণভাগে যথেষ্ট আছে বলে মনে করে ডুলি।
আজ (শনিবার) রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
দুই ম্যাচে পাঁচ গোল করে, ‘ক্লিনশিট’ রেখে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে সেমিফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর, মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে পাকিস্তান।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে অনুশীলনে নামার আগে বাংলাদেশ কোচ বললেন, পাকিস্তানের রক্ষণ ভেদ করার সামর্থ্য আছে তার আক্রমণভাগের। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৪-০ গোলের জয় থেকেও অনুপ্রেরণা পাওয়ার কথা বললেন যুক্তরাষ্ট্রের এই কোচ।
তিনি বলেন, অবশ্যই, চার গোল করতে পারাটা স্বস্তির। তবে, একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই যে নাম্বার নাইন নিয়ে কথা বলছে, ইব্রাহিমও কিন্তু প্রকৃত অর্থে নাম্বার নাইন নয়। সে নাম্বার টেন কিংবা ইলেভেন পজিশনে খেলে। তবে সে এমন একজন খেলোয়াড়, যে প্রতিপক্ষের রক্ষণভাগের বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। নাম্বার নাইন হিসেবে খেলতে হলে এমন জায়গায় যেতে হয়, যেখানে শারীরিক আঘাত পাওয়ার ঝুঁকিও থাকে। অনেক খেলোয়াড়ই সেটা করতে চায় না।
ডুলি বলেন, গত (ভুটান) ম্যাচে ইব্রাহিম সেটাই করেছে। হামজা যদি ওই ম্যাচে খেলত, তাহলে হয়তো সেও এক-দুই কিংবা তিনটি গোল করতে পারত। তারও তিনটি সুযোগ ছিল, কিন্তু সামান্য ব্যবধানের জন্য সেগুলো কাজে লাগেনি। তবে, আমরা গোল পেয়েছি, এটা নিয়ে আমি খুশি।
শ্রীলঙ্কার বিপক্ষে একক প্রচেষ্টায় চোখ ধাঁধানো গোল করা ফারহানের প্রশংসায় আবারও পঞ্চমুখ হলেন ডুলি। এই তরুণ ফরোয়ার্ড গতির কারণে পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াবে, আশা কোচের।
তিনি বলেন, ফারহানও দারুণ করেছে (শ্রীলঙ্কা ম্যাচে)। সে এমন জায়গায় গিয়ে বল নিয়ে খেলেছে, যেখানে যেতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কিছুটা দেরি হয়ে গেছে। পেনাল্টি বক্সের মধ্যে ড্রিবলিং করা তার বিশেষত্ব। এটি আমাদের জন্য বড় সুবিধা। কারণ তার মতো ছোটখাটো গড়নের, দ্রুত পায়ের এবং ভালো টেকনিকের একজন খেলোয়াড়কে প্রতিপক্ষকে সব সময় সতর্ক হয়ে সামলাতে হয়। তার শট নেওয়ার সামর্থ্যও রয়েছে।
তবে খেলোয়াড়দের সতর্ক করে ডুলি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আক্রমণভাগে এখন যাদেরই আমরা খেলাই, প্রত্যেকেই (প্রতিপক্ষের জন্য) বিপজ্জনক। প্রতিপক্ষকে শুধু আমাদের একজনকে নিয়ে ভাবলে চলবে না, সবাইকে নিয়েই তাদের সতর্ক থাকতে হবে।
