স্যান্ডপেপারকাণ্ড: এবার খাজার পক্ষ নিলেন আরেক অজি পেসার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ PM

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে থাকা পেসার চ্যাড সেয়ার্স দলীয় সেন্সরশিপ ও স্যান্ডপেপারকাণ্ড নিয়ে প্যাট কামিন্সের করা দাবির বিরোধিতা করেছেন। উসমান খাজার বিস্ফোরক দাবিকে সমর্থন করে সেয়ার্স বলেছেন, তিনি বিশ্বাস করেন দলের সবাই বিষয়টি জানত এবং কেপটাউনে ম্যাচ শেষে প্রায় ৬০ থেকে ৯০ মিনিট ধরে একটি দলীয় সভাও হয়েছিল।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডের আগে এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সেয়ার্স নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ২০১৮ সালের মার্চে পোর্ট এলিজাবেথ টেস্টে ইনজুরি আক্রান্ত মিচেল স্টার্কের বদলি হিসেবে জোহানেসবার্গে নিজের ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি। 

সেয়ার্সের ভাষ্যমতে, তৃতীয় টেস্টে ক্যামেরন ব্যানক্রফট বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করার পর, দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠ থেকে সেই স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার দায়িত্ব পড়েছিল তার ওপরই।

সেয়ার্স বলেন, আমি অত্যন্ত আস্থার সঙ্গেই বলতে পারি যে, সেই দলের প্রত্যেকেই জানত আসলে কী ঘটছে এবং কী ব্যবহার করা হচ্ছে।

প্যাট কামিন্স সম্প্রতি এক দীর্ঘ সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, দলীয় দায়বদ্ধতা নিয়ে কোনো ধরনের বৈঠক হওয়ার কথা তার মনে নেই। তবে সেয়ার্সের স্মৃতির পাতা বলছে অন্য কথা। কেপটাউনে ঘটনার দিন খেলা শেষে পুরো দল ড্রেসিংরুমে প্রায় দেড় ঘণ্টা ধরে বসে আলোচনা করেছিল- কী ঘটেছে এবং এখন পরবর্তী করণীয় কী।

বোলারদের অজ্ঞ থাকার তত্ত্বেও আঘাত হেনেছেন সেয়ার্স। তার মতে, রিভার্স সুইং করানোর সময় দলের প্রতিটি সদস্যের নিখুঁত সমন্বয় প্রয়োজন হয়; সামান্য ত্রুটি হলেই রিভার্স সুইং নষ্ট হয়ে যায়। ফলে বোলারের অজান্তে বল বিকৃতি ঘটার কোনো সুযোগই ছিল না।

এদিকে কামিন্সের সংবাদ সম্মেলনের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেয়ার্স বলেন, উসমান খাজার বিরুদ্ধে কামিন্সের আক্রমণাত্মক ভঙ্গি তার পছন্দ হয়নি। অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০১৮ সালের তদন্ত প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করে নতুন করে প্রশ্ন তুলেছেন ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে, ২০১৮ সালের সেই কলঙ্কিত অধ্যায় নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে ঝড় উঠেছে।