যুবলীগ নেতা ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ PM

ঢাকার ধামরাইয়ে যুবলীগ নেতা ছেলেকে না পেয়ে তার ৬৫ বছর বয়সী বাবা মো. মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে মামলার এজাহারে তার নাম নেই।

মতিউর রহমান ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বলিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পরিবারের দাবি, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ছেলে ঢাকা জেলা যুবলীগের সদস্য। ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে তিনি বাড়ি ছাড়া।

মতিউরের স্ত্রী দেলেরা বেগমের অভিযোগ, ছেলে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী অসুস্থ ও বয়স্ক। ১০-১৫ দিন আগেও ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। এখনো ঠিকমতো দাঁড়াতে পারেন না। এরপরও গভীর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়।

অন্যদিকে, পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে বিভিন্ন সোর্সের মাধ্যমে মতিউরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে। আন্দোলনে পিকআপচালককে গুলি করে আহত করার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্ত কর্মকর্তা। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘মতিউর রহমানের ছেলে যুবলীগের বড় একটি পদে রয়েছে। এছাড়া তার পুরো পরিবার আওয়ামী লীগ করে। তিনি আমাদের রেড ব্লকে পড়ে গেছেন।’ 

বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।