‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ কামিন্সকে ভারতীয় তারকার খোঁচা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ AM

অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০১৮ সালের কুখ্যাত ‘স্যান্ডপেপারগে ‘কাণ্ড নিয়ে ফের নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে ওপেনার উসমান খাজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু তিন অভিযুক্ত ক্রিকেটারই নয়, গোটা দল অবগত ছিল। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে। খাজার বক্তব্যের পর বর্তমান অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স দাবি করেন, তিনি পরিকল্পনার কথা জানতেন না, এবং ঘটনার সঙ্গে তার কোনও যোগ ছিল না। এমনকি কামিন্স এবং মিচেল স্টার্কের মতো সিনিয়র ক্রিকেটাররা ইঙ্গিত দেন, খাজা সম্ভবত নিজের বইয়ের প্রচারের জন্যই এই বিষয়টি সামনে এনেছেন।

দুই তারকা ক্রিকেটারের বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন ভারতের সাবেক স্পিনার মুরলী কার্তিক। তার মতে, যেকোনও বল বিকৃতির পরিকল্পনা মূলত বোলারদের সুবিধার জন্য করা হয়। ফলে বোলাররা বিষয়টি জানতেন না, এমন দাবি বিশ্বাস করা কঠিন। কার্তিক বলেন, ‘সেই সময় তদন্তের পর তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও, ক্রিকেট বিশ্বের অনেকেই জানতেন যে বিষয়টা আরও বিস্তৃত ছিল।’ একটি ক্রিকেট অনুষ্ঠানে কার্তিক প্রশ্ন তোলেন, ‘যদি বোলারদের সুবিধার জন্য বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়ে থাকে, তাহলে তাদের না জানিয়ে সেটা করা সম্ভব কীভাবে?’ 

কার্তিকের দাবি, দলের অন্য সদস্যরা, বিশেষ করে বোলাররা কিছুই জানতেন না, এই ব্যাখ্যা গ্রহণ করা কঠিন। তিনি আরও জানান, এত বছর ধরে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল, একদিন না একদিন এই ঘটনার সম্পূর্ণ গল্প সামনে আসবে। খাজার মন্তব্য এবং কার্তিকের প্রতিক্রিয়ার ফলে স্যান্ডপেপারগেট বিতর্ক এখনও অব্যাহত। নিত্য দিন নতুন রূপ নিচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এখনও নিজেদের অবস্থানে অনড়। তবু এই বিতর্ক যে সহজে থামছে না, সেটা স্পষ্ট।