জোটপ্রধান মোস্তফা জামালের সুস্থতায় ১২ দলীয় জোটের দোয়া

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ AM

জোটপ্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে ১২ দলীয় জোট। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পল্টনে বাংলাদেশ কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয় আল আমিন ইসলাম টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি ড. গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে সভায় জোটপ্রধানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় নেতারা বলেন, মোস্তফা জামাল হায়দার দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা। একই সঙ্গে তিনি ১২ দলীয় জোটের প্রধান। তার অসুস্থতা জোটের সর্বস্তরের নেতাকর্মীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

তারা আরও বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে মোস্তফা জামাল হায়দার দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার সুস্থতা জোটের নেতাকর্মীদের প্রত্যাশা।

এ সময় নেতারা মোস্তফা জামাল হায়দারের পূর্ণাঙ্গ সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর প্রতি বিশেষ দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নানসহ জোটের শীর্ষ নেতারা।