ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। তবে দলের এমন পরাজয়ে হতাশ নন পর্তুগিজ তারকার মা দোলোরেস আভেইরো।
বরং ছেলের প্রতি জাতীয় দলের অবহেলার অভিযোগ তুলে এই হারে খুশি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, জাতীয় দলে রোনালদোকে সতীর্থরাও যথাযথ সম্মান দেননি। এছাড়াও রোনালদোর পেশাদার ফুটবলের শুরু স্পোর্টিং সিপিতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সময় গত শনিবার (১৪ নভেম্বর) ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি খেলেছে পর্তুগাল। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন পিয়েরে-এমিল হোয়েবিয়ার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতে রাসমুস হইলুন্ড দুটি গোল করেন। পরে জোয়াকিম অ্যান্ডারসেন হেডে আরেকটি গোল করেন। ম্যাচের শেষ দিকে পর্তুগালের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন বের্নার্দো সিলভা।
অথচ এর আগে গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয় পেয়েছিল পর্তুগাল। কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছিল দলটি। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও মাসকটরা রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি গায়ে মাঠে প্রবেশ করেন।
পর্তুগালের এই হার নিয়ে স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে কথা বলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই হারটা প্রাপ্য ছিল। আমি এতে খুশি হয়েছি।’
রোনালদোর প্রতি জাতীয় দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জাতীয় দলে তাকে সম্মান করা হয়নি, এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান করেনি।’ সম্প্রতি রোনালদোর জন্য আয়োজিত সংবর্ধনার আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার মতে, ছেলের উপস্থিতিতেই এমন সম্মাননা দেওয়া উচিত ছিল।
দোলোরেসের ভাষ্য, রোনালদোর মতো একজন খেলোয়াড়ের জন্য আরও ব্যক্তিগত ও যথাযথ বিদায় আয়োজন করা প্রয়োজন ছিল। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
রোনালদোর পেশাদার ফুটবলের শুরু হয়েছিল স্পোর্টিং সিপিতে। তাই ছেলেকে যথাযথ সম্মান জানানোর জন্য ক্লাবটিকেই উপযুক্ত মনে করেন তার মা। তিনি বলেন, ‘স্পোর্টিংয়ে আমরা তার জন্য সংবর্ধনার আয়োজন করব। এখানে তারা তার মূল্য বোঝে।’
এদিকে দোলোরেসের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস। সংবাদ সম্মেলনে তিনি রোনালদোর মায়ের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘এখন কি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মাকে জবাব দিতে হবে? আমার মাও তো মা। ক্রিস্টিয়ানো রোনালদোর মা এমন একজন নারী, যাকে আমি অনেক সম্মান করি। মা তো মা-ই, এ নিয়ে কিছু করার নেই। আমি তার বক্তব্য বুঝতে পারছি।’
রোনালদো ও কোচ জেসুসের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগেই। গত সেপ্টেম্বরে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষে একাদশে থাকছেন না বলে জানতে পেরে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। কোচ তার সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পর্তুগাল ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা করে।
এর কয়েক সপ্তাহ পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। তবে ছেলের প্রতি জাতীয় দলের আচরণ নিয়ে তার মায়ের ক্ষোভ এখনো কাটেনি।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
সূত্র: ইয়াহু স্পোর্টস
