পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে আইসিটি প্রশিক্ষণ দেবে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ AM

আগামী পাঁচ বছরে ৫২ হাজার ৬৮০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে ৪১ হাজার ৮৮৩ জনকে ফ্রিল্যান্সিং এবং ১১ হাজার ২৪৮ জন তরুণ-তরুণীকে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ৫০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৪০০টি উপজেলায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ চলছে।
তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে সরাসরি বিনিয়োগের পাশাপাশি ফান্ড অব ফান্ডসের মাধ্যমে বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অনুদান চালু করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় দেশে তিনটি হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে। এগুলো হলো-গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক, রাজশাহী হাই-টেক পার্ক এবং সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত সিলেট হাই-টেক পার্ক। এসব পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক এবং ইউটিলিটি সেবায় ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা রয়েছে। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৯০টি অনলাইন সেবাও দেওয়া হচ্ছে।

মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিম ব্যবহার নিয়ন্ত্রণে সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন এবং নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর, ওয়েবসাইট ও লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অবৈধ সিম ব্যবহার বন্ধে গণমাধ্যম, খুদে বার্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে। বিটিআরসির কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা করে টাকা চুরি এবং ফিশিং লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে।

যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে খুদে বার্তা, ভয়েস মেসেজ ও গণমাধ্যমে গ্রাহক সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ নামে একটি কারিগরি প্রকল্প চলছে। এ ছাড়া মার্চ ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ মেয়াদে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ নামে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। দ্বিতীয় প্রকল্পের আওতায় জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের সেবা ডিজিটাইজড করা হবে।

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর গ্রাহক হয়রানি, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে নেওয়া পদক্ষেপের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘নগদ’-এর ১৬১৬৭ নম্বর কল সেন্টারে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ৯৭টি ডাকঘরে নগদ সেবা কেন্দ্র রয়েছে। অতিরিক্ত কাউন্টারসহ মোট ১১৩টি সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে।

গ্রাহকদের পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) গোপন রাখার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে প্রতারক চক্র শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।