বায়তুল মোকাররমে খেলাফত মজলিসের বিক্ষোভ আজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ AM

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এ দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর শাখা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাদ জোহর এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বৈঠকে খেলাফত মজলিসের নেতারা বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দেওয়া, সরকারি স্থাপনা ধ্বংস, সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে বলেও মনে করেন নেতারা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

বৈঠকে নেতারা বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তারা।

বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।