বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে তিনি সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শফিকুর রহমানের। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
