২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসার পর ধারাভাষ্য থেকে ছাটাই করা হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যে প্যানেলে নেই তারা।
খাজার আত্মজীবনীতে বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি প্রকাশের পর থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিতর্কের ঝড় বইছে। দুই সপ্তাহেরও বেশি আগে নিজের বইয়ে খাজা দাবি করেন, কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলেরই জানা ছিল।
ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দায়ী হিসেবে চিহ্নিত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। বলের অবস্থা পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। খাজার বক্তব্যের পর বিতর্কে নতুন করে চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন তিনি। খাজার বক্তব্যের পর প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও এ বিষয়ে মন্তব্য করেন।
এমন পরিস্থিতিতে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বসম্মত সমর্থন জানানোর পর সম্প্রচার থেকে খাজা ও ওয়ার্নারকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফক্স স্পোর্টস। ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পর আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভিকে আমাদের সম্প্রচার থেকে বিশ্রামে রাখা হবে।’
ক্রলি আরও বলেন, ‘আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি এবং ভিন্ন ভিন্ন মতকে স্বাগত জানাই। আমাদের ক্রিকেট গ্রীষ্মের অন্যতম বৈশিষ্ট্য এটি। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা যে চাপের মধ্যে পড়ছেন, সেটিও আমরা বুঝতে পারছি।’
ক্রলি মনে করেন, বিতর্কের মধ্যে ধারাভাষ্যে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে দুই সাবেক ক্রিকেটারের জন্য, ‘পরিস্থিতি যেভাবে এগিয়ে চলেছে, তাতে খেলায় মনোযোগ দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে আমাদের মনে হচ্ছে। দুজন ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলেও মনে করি আমরা। পরিস্থিতির ওপর নজর রাখব।’
খাজা ও ওয়ার্নার কবে আবার ধারাভাষ্যে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। আজ মেলবোর্নে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে জয় দিয়েই শুরু করেছে অজিরা। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নেটিজেনরা বলছেন, স্যান্ডপেপারগেট কাণ্ডের রহস্য ফাঁস করেছেন বলে খাজা আর ওয়ার্নারকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে!
