মাঠের বাইরে আরেক লড়াইয়েও মেসিকে হারালেন রোনালদো

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ PM

ফুটবলে জার্সি নম্বর কখনো কখনো একজন খেলোয়াড়ের পরিচয়ের অংশ হয়ে ওঠে। যেমন ৭ নম্বর বলতেই অনেকের মনে পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম, আর ১০ নম্বরে লিওনেল মেসি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর করা জার্সি নম্বরভিত্তিক এক বিশেষ তালিকায় দেখা গেল ভিন্ন চিত্র। ৭ নম্বর জার্সির সেরা খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন রোনালদো। কিন্তু ১ থেকে ৫০ এর মধ্যে কোনো নম্বরেই জায়গা হয়নি মেসির!

এর আগে গত অক্টোবরে ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম নির্বাচনেও মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন পর্তুগিজ মহাতারকা। সমর্থকদের ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম নির্বাচিত হয় সেরাদের সেরা। যেখানে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম।

দ্য গার্ডিয়ান ১ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি জার্সি নম্বরের জন্য একজন করে পুরুষ ফুটবলারকে বেছে নিয়েছে। তবে এটি সর্বকালের সেরা ফুটবলারদের কোনো র‍্যাঙ্কিং নয়। বরং কোনো খেলোয়াড় নির্দিষ্ট একটি জার্সি নম্বর কত দিন পরেছেন, সেটি গায়ে জড়িয়ে কী অর্জন করেছেন, কেন নম্বরটি বেছে নিয়েছিলেন এবং নম্বরটি তার পরিচয়ের সঙ্গে কতটা জড়িয়ে গেছে এসব বিষয় বিবেচনায় রাখা হয়েছে।

৭ নম্বর জার্সির ক্ষেত্রে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাজিলের কিংবদন্তি গারিঞ্চাও এই স্বীকৃতির দাবিদার। ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সময় ৭ নম্বর জার্সি পরেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই নম্বরের জন্য রোনালদোকেই বেছে নিয়েছে সংবাদমাধ্যমটি।

এর পেছনে বড় ভূমিকা রেখেছে ‘সিআর৭’ ব্র্যান্ড। সুগন্ধি, জুতা, হোটেল থেকে শুরু করে ফিটনেস অ্যাপসহ বিভিন্ন ক্ষেত্রেই ছড়িয়ে আছে রোনালদোর এই ব্র্যান্ড। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনই তাকে ৭ নম্বর জার্সি পরতে উৎসাহিত করেছিলেন। দ্য গার্ডিয়ান রোনালদোকে এই জার্সির সবচেয়ে বিখ্যাত ধারক হিসেবেও উল্লেখ করেছে।

অন্যদিকে ১০ নম্বর জার্সির জন্য মেসি ছিলেন অন্যতম শক্তিশালী প্রার্থী। এই নম্বরের আলোচনায় তার সঙ্গে ছিলেন পেলে ও ফেরেঙ্ক পুসকাস। তবে তিনজনকে পেছনে ফেলে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে বেছে নিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটির যুক্তি, ১০ নম্বর জার্সি ম্যারাডোনার নিজস্ব পরিচয়েরই অংশ হয়ে উঠেছিল।

তালিকায় ঐতিহাসিক কিংবদন্তিদের পাশাপাশি বর্তমান সময়ের ফুটবলারদেরও জায়গা হয়েছে। জাতীয়তার হিসাবে ইউরোপীয় খেলোয়াড়দের আধিপত্য বেশি। সবচেয়ে বেশি নয়জন ফুটবলার নিয়ে তালিকায় এগিয়ে ইতালি। এরপর ইংল্যান্ডের সাতজন এবং ব্রাজিলের পাঁচজন খেলোয়াড় রয়েছেন।

তালিকাটি নিয়ে সমর্থকদের মধ্যে মতভেদ থাকাই স্বাভাবিক। দ্য গার্ডিয়ানও স্পষ্ট করেছে, এ বাছাই অনেকটাই ব্যক্তিগত মতামত ও দৃষ্টিভঙ্গিনির্ভর। তবে জার্সি নম্বরের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় ও অর্জনের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছে তারা। রোনালদো ও মেসি দুজনের কেউই এখন আর জাতীয় দলের হয়ে খেলছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ক্লাব ফুটবলে এখনো সক্রিয় দুজনই।