আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ AM

২০২৮ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা না হলেও, কলম্বিয়ার বারানকুইলায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক এক সভার পর বিষয়টি সামনে আসে।

ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলোর তথ্য অনুযায়ী, ওই সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে ডোমিঙ্গেজ নিশ্চিত করেছেন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পরবর্তী আসরটি যুক্তরাষ্ট্রেই আয়োজন করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

এর আগে সবশেষ ২০২৪ সালের কোপা আমেরিকাও বসেছিল মার্কিন মুলুকে। ১৬ দলের সেই জমজমাট আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছিল আর্জেন্টিনা। তবে ২০২৮ সালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নিয়ে কনমেবল এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ফলে বোর্ড সভায় জানানো তথ্যের ওপর ভিত্তি করেই আপাতত এই সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।