রাত পোহালেই টানা ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকছে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায়। জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নমূলক কাজের কারণে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ অবস্থায় ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে:
১. মানিকগঞ্জ সদর ২. সাটুরিয়া ৩. শিবালয় ৪. ইসলামপুর ৫. বারবাড়িয়া ৬. ধামরাই ৭. জয়পুরা ৮. ডাউটিয়া ৯. কালামপুর ১০. শ্রীরামপুর।
তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে।
উল্লেখ্য, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
