সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু (৩৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কাশেম গাজির ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম বলেন, ‘গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মনিরুজ্জামানসহ তার সফরসঙ্গীরা মধু আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। শুক্রবার নটাবেকী এলাকায় বাঘের আক্রমণে নিহত হন বাচ্চু। শনিবার সকালে বনবিভাগ বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, বর্তমানে তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনার প্রচেষ্টা চলছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর