অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম

সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, অর্থনীতিতে সুশাসন, স্বচ্ছতা, করপোরেট, সামাজিক দায়িত্ব ও ব্যবসা-বাণিজ্যে সমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি প্রণয়নে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

একই সঙ্গে দেশের উদ্যোক্তা, স্টার্টআপ, মানব পুঁজির ব্যবহার, স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতি ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকারকে সহযোগিতা করবে ইউএস–বাংলাদেশ ট্রেড কাউন্সিল। সেই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে তারা। বিনিয়োগ বৃদ্ধিতেও ভূমিকা পালন করতে চায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে তারা বলেছে, সবার স্বার্থেই অর্থনীতি পুরোপুরি চালু করা দরকার। নিরাপদে সবার কাজে ফেরা দরকার বলেও তারা মনে করে। অর্থনীতি পুরোপুরি সচল করতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি সচল করতে ডিজিটাল ও ইন্টারনেট ইকোসিস্টেম জরুরি।

বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার সুযোগ পেলে সেটাকে স্বাগত জানাবে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন