ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে চিকিৎসকদের ৪ দফা দাবিও উঠে এসেছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের।
আজ শনিবার দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইন্টার্নরা।
ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম বলেন, শনিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরপর আমরা ৬ সদস্যদের যেই তদন্ত কমিটি, সেই কমিটির সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন, তদন্তের পর তারা তাদের সুপারিশমালা তৈরি করেছেন। সেখানে আমাদের ইন্টার্নদের দেওয়া ৪ দফা প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, সরকার যেন দ্রুত দুষ্কৃতকারীদের সনাক্ত করে। এ ছাড়া ঢাবি যেন দুষ্কৃতকারীদের সনাক্ত করে নাম পরিচয় পকাশ করে এবং শাস্তি দেয়। ভবিষ্যতে চিকিৎসকের ওপর এমন হামলা না হয় এবং যদি হয় তাহলে তার শাস্তি কি হবে তারা যেন সেটির নোটিশ ঘোষণা করে।
ইন্টার্ন চিকিৎসকদের এই নেতা বলেন, গত বুধবার একই দিনে দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। কাজেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশে হাসপাতালগুলোতে একযোগে কঠোর কর্মসূচি পালন করব।
গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে হয়রানির অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুলিশের সমন্বয়ে। শনিবারই সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ৪ দফা দাবি জানিয়ে আসছিলেন। দাবিগুলো হলো- হামলাকারীদের বিরুদ্ধে মামলা, সনাক্ত ও শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন পাস, হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা।
