ওয়ানডেতে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। মাঠের বাইরে পারফরম্যান্স নিয়ে অনেক কথা হলেও সেটির প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে না বলে অকপট স্বীকারোক্তি দিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক তাওহীদ হৃদয়।
গত দুই বছরে দেশের বাইরে ১৬টি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। হেরেছে বাকি ১৪টি ম্যাচেই।
এই বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় আফগানিস্তানের বিরুদ্ধে টানা পাঁচ ওয়ানডেতে হারল টাইগাররা। চলমান ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে সাত উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আর জিম্বাবুয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।
বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সততার সঙ্গেই হৃদয় বলেন, সত্যি বলতে, আমরা আমাদের মুখের কথাকে কাজের রূপ দিতে পারছি না।
বিদেশের মাটিতে নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়ে তিনি বলেন, আমি অবশ্যই একমত যে দেশের বাইরে আমরা ভালো করতে পারছি না। প্রায় দেড় বছর ধরে এমনটা চলছে। আমার মনে হয়, বাইরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। শুধু মুখে বড় বড় কথা বললেই হবে না।
তবে ব্যর্থতার মাঝেও অতীত সাফল্যের কথা স্মরণ করিয়ে দেন এই তরুণ ব্যাটার, দেখুন, এই দলটিই তো বড় বড় দলকে হারিয়েছে। ঘরের মাঠে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান- সবাইকেই হারিয়েছি। তাই একটা-দুটি ম্যাচ বা সিরিজের ভিত্তিতে পুরো দলকে বিচার করতে চাই না। তবে ইদানীং দেশের বাইরে খেলা ম্যাচগুলোতে আমাদের ব্যাটিং ইউনিট টানা বাজে ব্যাটিং করছে, আর সে কারণেই পুরো দল খাবি খাচ্ছে।
ঘরের মাঠের ব্যবধান টেনে হৃদয় আরও বলেন, আমরা যখন দেশে খেলি, প্রায় প্রতি ম্যাচেই ব্যাটাররা ভালো করে। তাই বিদেশে খেলার সময় আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন।
