জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা ও অ্যালামনাইদের কল্যাণে নানা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ আগস্ট অনুমোদিত ৮১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ২৭ আগস্ট রাত ৯:৩০ মিনিটে অনলাইন সভাটি শুরু হয়, যা চলে রাত ১১:১৫ মিনিট পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
সভায় সাধারণ সম্পাদক মো. শাকিল চৌধুরী সংগঠনের আগামী দিনের বেশ কিছু বড় কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে আসন্ন ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ উদ্যোগ এবং আগামী ২ ডিসেম্বর সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন। এ ছাড়া প্রাক্তন ও বর্তমান মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্মাননা প্রদানের এজেন্ডাভিত্তিক সিদ্ধান্তও গৃহীত হয়।
সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজেদের মতামত তুলে ধরেন নেতৃবৃন্দ। সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন বলেন, “সবাইকে একসাথে নিয়ে একতাবদ্ধ হয়ে আমাদের এই প্ল্যাটফর্মকে সামনে এগিয়ে নিতে হবে।”
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এমন কিছু কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা পরবর্তী কমিটির জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে।”
অ্যালামনাইদের মূল ভাবনা ও লক্ষ্য তুলে ধরে কার্যনির্বাহী সদস্য মাহাদী-উল-মোর্শেদ বলেন, “এই সংগঠন আমাদের সকলের পারস্পরিক টান ও আবেগের জায়গা। নতুন কমিটির মূল ফোকাস থাকবে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধন আরও মজবুত করা এবং শিক্ষা, উদ্ভাবনী গবেষণা ও ক্যারিয়ার গঠনে নবীনদের সর্বাত্মক সহযোগিতা করা।”
উল্লেখ্য, নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ আরিফুল হক, সিনিয়র সহসভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাকিল চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ছাড়াও বিষয়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে অভিজ্ঞ অ্যালামনাইরা দায়িত্ব পালন করছেন।
অনলাইন সভায় নেতৃবৃন্দের উপস্থিতিতে যে প্রাণবন্ত আলোচনা ও পরিকল্পনা তৈরি হয়েছে, তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
