পাকিস্তানে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড স্টার্টআপ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের হেলথটেক স্টার্টআপ ‘মেডিলিঙ্কএক্স’ (MediLinkX)। ‘হেলথ, ওয়েলনেস অ্যান্ড স্পোর্টস’ ক্যাটাগরিতে ৭টি ফাইনালিস্ট দলের মধ্যে ২য় সেরা নির্বাচিত হয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সফলভাবে জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি।
এর পাশাপাশি, গত ২২শে আগস্ট ‘সি পাকিস্তান’ (SEE Pakistan)-এর অধীনে আয়োজিত আন্তর্জাতিক এক্সপোতেও অংশ নেয় মেডিলিঙ্কএক্স। সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ইভ্যালুয়েটর ও দর্শনার্থীদের কাছ থেকে প্রকল্পটির ব্যাপক ইতিবাচক সাড়া মেলে। বেশ কয়েকজন ইভ্যালুয়েটর ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি প্রকল্পটির ভবিষ্যৎ উন্নয়ন এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
মেডিলিঙ্কএক্স মূলত একটি হেলথটেক প্ল্যাটফর্ম, যা স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। মেডিকেল ইকুইপমেন্ট সংগ্রহ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সেবা, হাসপাতালের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণসহ স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নানা ধরনের সমাধান দিচ্ছে তারা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)-এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুকাদ্দিমুল হক মুনইম। সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও হিসেবে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম হাসিনুর রহমান।
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের সাথে গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে মেডিলিঙ্কএক্স। এই সম্ভাবনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে একটি অর্থবহ পরিবর্তন আনতে চায় তরুণদের এই উদ্যোগ।
