শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে কোচ থমাস ডুলির গলায় তৃপ্তির সুর।
‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, ঠিক সেটাই হয়েছে’-বলছিলেন থমাস ডুলি। বল সচল রাখা, আক্রমণে ধার বাড়ানো আর উইংয়ে ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে যাওয়ার যে ছক ড্রেসিংরুমে আঁকা হয়েছিল, মাঠে তার প্রতিফলন দেখে খুশি এই কোচ।
শুরুটা ছিল ঝোড়ো। অষ্টম মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৫তম মিনিটে অধিনায়ক হিসেবে অভিষেক রাঙিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। বিরতির পর ৫২তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন ফারহান আলী ওয়াহিদ। ৮৭তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ চিপে ব্যবধান ৪-০ করেন রাকিব হোসেন।
ফারহানের গোলের পেছনে ছিল বিরতির সময়ের এক বিশেষ পরামর্শ। ডুলি জানান, উইঙ্গারকে বলা হয়েছিল নিজেদের বক্সের সামনে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সে সেই শক্তি কাজে লাগাতে, ‘বল হারালে সেটা বিপজ্জনক, ওর শক্তিটা সামনেই দরকার ছিল।’ ফল মিলল হাতে হাতে। কোচের ভাষায়, ‘কী অসাধারণ গোল, অবিশ্বাস্য!’ হামজার ব্যাকহিলটা ঢুকে গেলে গোলের তালিকা আরও রঙিন হতে পারত, সে আক্ষেপও লুকাননি তিনি।
কৌশলের মূল চাবিকাঠি ছিলেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে অভ্যস্ত এই তারকাকে ডুলি এবার তুলে এনেছিলেন ১০ নম্বর ভূমিকায়। পেছনে ৬ ও ৮ নম্বর পজিশন গুছিয়ে রেখে হামজাকে সামনে ছেড়ে দেওয়াই ছিল পরিকল্পনা। কোচ বললেন, তার ফুটবল প্রজ্ঞা, ২০ গজ দূর থেকে শট আর বক্সে ঢুকে হেডের ক্ষমতা অন্যদের জন্যও জায়গা তৈরি করে। সাজানো ছকটা কাজেও লেগেছে। ম্যাচ শেষে শ্রীলংকার জার্মান-প্রবাসী কয়েকজন খেলোয়াড় এসে জানিয়েছেন, হামজার গতি আর প্রেসিংয়ে তারা কতটা সতর্ক থাকতে বাধ্য হয়েছেন। ডুলির কথায়, ‘সামনে বল কাড়তে পারলে বাকিরা আর একা থাকে না, সঙ্গে একজন নেতা থাকেন।’
আর নেতৃত্বের প্রসঙ্গে ডুলির গল্পটা মজার। জানা গিয়েছিল, হামজা অধিনায়ক হতে চান না। সান ম্যারিনোর ম্যাচে বিরতিতে জামালকে তুলে নিতে হলে আর্মব্যান্ড তিনি হামজাকে দিতে চেয়েছিলেন, কিন্তু হামজা সেটা তুলে দেন তপুর হাতে। এবার তপু নেই, জামাল খেলেননি, সাদও ছিটকে গেছেন। জিজ্ঞেস করতেই এল সম্মতি। ডুলির মত স্পষ্ট, ‘অধিনায়ক হিসেবে হামজার চেয়ে ভালো কেউ নেই।’ মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্বও তিনিই।
একমাত্র দুশ্চিন্তা চোট। সাদ উদ্দিন হয়তো আর খেলতে পারবেন না, আরও কয়েকজন আগে থেকেই বাইরে। তবু ডুলি ইতিবাচক। তিনি বললেন, ২-৩ সপ্তাহ বা চার মাস আগের মতো খেলায় ফিরে যেতে চান না। তার দর্শনে ফুটবল হলো ‘স্ক্যানিং’-এর খেলা, বল পাওয়ার আগেই জানতে হবে পরের তিন সেকেন্ডে কী করতে হবে। গতিই ফুটবলের সবকিছু।’ কোচ আরও বললেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি, বলের পেছনে ছুটতে নয়।’
সামনে সেমিফাইনালে পাকিস্তান। ডুলির সহজ হিসাব, ‘১-০ ব্যবধানে জিতলেও কিছু যায় আসে না, জিততে হবে।’ রাতটা তিনি উপভোগ করছেন, তবে ভাবনা এখন পরের ম্যাচে।
