আমার পরিবার পলিটিক্যাল, কেউ না কেউ রাজনীতিতে আসবেই: মির্জা আব্বাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

রাজনীতিতে ছেলেকে আনবেন কি না, তা তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তবে নিজের পরিবারকে রাজনৈতিক পরিবার উল্লেখ করে তিনি বলেছেন, পরিবার থেকে কেউ না কেউ রাজনীতিতে আসবেই।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না, একদিন রাজনীতিতে আসব কি না। তবে আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার সঙ্গে যারা রেসে ছিল, তাদের অনেকে ঝরে পড়েছে। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা আছে। অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না।’

এদিকে বাবার পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন ছেলে মির্জা আরাফাত আব্বাস আজান। বাবার রাজনীতিতে যোগদান ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘পড়ালেখাসহ নানা কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। আমি মনে করি, প্রথম কথা হচ্ছে, এখন বাবার পাশে থাকাটা আমার জরুরি। সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’

ভবিষ্যতে বাবার রাজনীতির হাল ধরবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন