‘বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, ঢুকতে পারে’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, যে কোনো সময় ঢুকতে পারে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় বাংলাদেশ ছাড়তে পারে, যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে; এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ঢুকবার পরে সরকার কী পদক্ষেপ নেবে সেটা তো সরকারের হাতে। এটা তো আমাদের কারও জানা নেই, কী নেবে না।’

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা।

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়, এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে; রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি, এগুলো সবই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো, কয়েক হাজার মানুষ উপস্থিত। আমি মনে করি, রাজনীতিবিদের যে কোনো কথার জবাব মানুষ দেয়।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর