বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওনের ওপর হামলা, রিজভীর প্রতিবাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। হামলায় গুরুতর আহত শাওন সাদেকী রাজধানীর কাকরাইলে ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর দুষ্কৃতকারীরা এমএন শাওন সাদেকীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে থাকা দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নানা ধরনের অরাজকতা চালাচ্ছে। শাওন সাদেকীর ওপর হামলা এরই বহিঃপ্রকাশ। 

তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই, তা না হলে তারা আরও বড় ধরণের নাশকতা ঘটাতে পারে। 

গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জান-মাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদ্য সজাগ থাকারও আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন রুহুল কবির রিজভী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন