ভারতের দশম, না পাকিস্তানের প্রথম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ AM

সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। নয়বার শিরোপা ঘরে তুললেও টানা তিনবার মুকুট জয়ের কীর্তি গড়তে পারেনি দলটি। এবারের আসরে সেই সুযোগ থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তাদের সামনে উজ্জীবিত পাকিস্তান, যারা সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে এসেছে।

কাগজ-কলমের হিসাবকে মানদণ্ড ধরলে আসরের সেরা দল ছিল বাংলাদেশ। হামজা চৌধুরীর দলকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান। প্রথমবারের মতো ফাইনালে উঠে আসা দলটি শিরোপার রঙে নিজেদের রাঙাতে চায়। বাংলাদেশকে হারানোর মাস্টারমাইন্ড পেরুর কোচ নেলবার্তো সোলানোর কণ্ঠেও শিরোপার তীব্র আকাঙ্ক্ষা ঝরল, ‘যখন আপনি ফাইনালে খেলবেন, তখন ক্লান্ত হওয়ার সুযোগ নেই। আমরা সবাই লড়াই করার জন্য প্রস্তুত। কোনো অজুহাত নয়, আমরা সর্বস্ব উজাড় করে দেব।’

ভারত এই প্রতিযোগিতার ১৫ আসরের মধ্যে ১৪টিতে ফাইনাল খেলেছে। শুধু ২০০৩ সালেই তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল। ভারতীয় প্রধান কোচ নওশাদ মুসা দলের আরও একটি ফাইনালে ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন, ‘এখন পর্যন্ত দলের যাত্রায় আমি খুশি। আরও একটি ফাইনালে পৌঁছানো খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন। চলার পথে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, খেলোয়াড়রা দৃঢ়তা, ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল ইচ্ছা দেখিয়েছে। আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে।’ ফাইনাল হতে যাচ্ছে গত ৫ নভেম্বর আসরের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি, যেখানে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছিল।

পাকিস্তান ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবং বাংলাদেশকে হারিয়ে শিরোপামঞ্চে উঠে আসে। নকআউট পর্বের আগে বিদেশে খেলা বেশ কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে, যা গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হওয়া দলটির চেয়ে তাদের ভিন্ন এক প্রতিপক্ষে পরিণত করেছে।

এই প্রসঙ্গে নওশাদ মুসা বলেন, ‘আমি সম্পূর্ণ ভিন্ন ম্যাচের প্রত্যাশা করছি। কয়েকজন নতুন খেলোয়াড় যোগ দেওয়ায় গ্রুপ পর্বে আমরা যে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলাম, বর্তমান দলটিকে তার চেয়ে আলাদা।’ যোগ করেন, ‘আমরা তাদের মান এবং শক্তিকে সম্মান করি, আমাদের মূল মনোযোগ থাকবে নিজেদের ওপর—নিজেদের গেম প্ল্যান বাস্তবায়ন করা, সুশৃঙ্খল থাকা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়া।’ সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে, ভারত ১৭ ম্যাচে জিতেছে, পাকিস্তানের জয়সংখ্যা ৪, বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে। এই লড়াই হতে যাচ্ছে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের প্রথম সাক্ষাৎ।