মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছি, সিদ্ধান্ত পরে জানানো হবে: রিজভী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলটির মনোনয়ন বোর্ড। কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির (ভারপ্রাপ্ত) মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রিজভী বলেন, ‘আজকের স্থায়ী কমিটির বৈঠক মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। সেখানে সংসদ সদস্য ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসনটিতে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর। ২৭ সেপ্টেম্বরের মধ্যে ইসিতে মনোনয়ন ফরম জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছি। সিদ্ধান্তটি পরে জানানো হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি সেলিমা রহমান, এমপি আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এই উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলটির তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর