প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার একথা জানান।
নেতারা বলেন, সংবাদমাধ্যমের তথ্যানুসারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। আমরা মনে করি দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এমন হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
বিবৃতিতে ঢাবি সাদা দলের নেতারা উল্লেখ করেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
ঢাবি সাদা দলের নেতারা আটক ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানান এবং এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
