ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ ন্যাপের সভাপতি এম এন শাওন সাদেকীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও তাকে রক্তাক্ত জখম করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সমমনা জোটের মুখপাত্র এসএম শাহাদাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বিগত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার এই রাজনৈতিক জোটটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির (আইনশৃঙ্খলা বাহিনী) প্রতি জোরালো দাবি জানানো হয়।
এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিস্ট চক্রান্তকারীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদেরই একটি অংশ সরকারি দল ও অন্যান্য স্বৈরাচারবিরোধী দলে অনুপ্রবেশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’
নেতারা আরও উল্লেখ করেন, সাড়ে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সর্বস্তরের রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী সমমনা জোট সব সময় সরকারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশবিরোধী ষড়যন্ত্রকারী কোনো গোষ্ঠী যাতে পরিকল্পিতভাবে সরকারের সাথে যুগপৎ আন্দোলনকারী বা সহযোগী রাজনৈতিক দলের সম্পর্ক বিনষ্ট বা বিভ্রান্তি তৈরি করতে না পারে, সে বিষয়ে দৃষ্টি রাখতে আহ্বান জানায় জোটটি। একই সাথে সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতিদাতারা হলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, বাংলাদেশের সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহম্মেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক।
