সরকার দিন দিন ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

বর্তমান বিএনপি সরকার বিভিন্ন ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।

তাদের দাবি, জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কোরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর ‘কোরআন মানবজাতির সংবিধান হতে পারে না’ বক্তব্য এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে প্রমোট করে এমন গ্রন্থ ‘নেক্সাস’ উপহার দেওয়ার ঘটনা সরকারের ইসলামবিরোধী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতারা এসব কথা বলেন। দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, এসব কর্মকাণ্ডের কারণে মনে হচ্ছে সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। পাশাপাশি সরকারের ভেতরে গোপনে থাকা কোনো মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী বিভিন্ন কার্যকলাপ করানোর অপপ্রয়াস চালাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী আশপাশে কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতকারী, ইসলামবিদ্বেষী লোক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা ও বিশ্বজয়ী হাফেজদেরকে পুরস্কার হিসেবে বিতর্কিত গ্রন্থ, যা সমকামিতায় ধাবিত করে; এমন বই উপহার হিসেবে দেওয়া তারই প্রমাণ বহন করে।’

মাওলানা মিয়াজী ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে মন্ত্রী, এমপি ও দলের নেতা-কর্মীদের বিরত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানান।

বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল বারী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা খন্দকার মোশতাক আহমাদ শরীয়তপুরী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি শিহাব উদ্দিন গোপালগঞ্জী, আলহাজ মাওলানা গাজী ইউসুফ, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মুফতি আবুল হাসান কাসেমি, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা শেখ সাদী ও মাওলানা মুশফিকুর রহমান জামালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর