সিলেট বিমানবন্দরে আটকে আছে ৬ বিমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:৫০ এএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ছয়টি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, রিমালের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান এখানে আটকে ছিল। বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় মনে হচ্ছে সেগুলোর শিডিউল বাতিল হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকেই সিলেটে বৃষ্টিপাত ছিল। আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন