সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখনো সুস্থ আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৮:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকার বস্তুতে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার চিকিত্সার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, তার (খালেদা জিয়ার) যেসব অসুখ আছে, তার কয়েকটা সেরে ওঠার মতো না। এগুলোর চিকিৎসা করে কমিয়ে রাখতে হবে।

সেটা করা হচ্ছে। গত রবিবার বিকেল ৪টার দিকে তার শরীরে পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে জানা গেছে। তাই বলা যায়, তিনি সেখানে সুচিকিৎসা পাচ্ছেন।

আনিসুল হক আরো বলেন, ‘যখন আমাদের চিকিৎসকরা মনে করেছিলেন যে দেশের বাইরে থেকে চিকিত্সক এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই আমার জন্য খালেদা জিয়া চিকিত্সা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শোনেন, তাদের ভারসাম্য সঠিক আছে কি না সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন।

আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্তু আমি আশা করব, তারা সত্য কথা বলবেন, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর