হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত সশস্ত্র হামলা, ফরিদপুরে বাসের ভেতর ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং দেশজুড়ে চরম নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি শুরু হয়। 

মিছিলে স্বেচ্ছাসেবক শক্তির নেতারা জানান, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, তা স্বাধীন বাংলাদেশে চরম নৈরাজ্যের বহিঃপ্রকাশ। এছাড়া ফরিদপুরে বাসের ভেতর ঘুমন্ত নিরীহ বাসচালককে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করার মতো জঘন্য অপরাধের মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা দেশে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। অনতিবিলম্বে এসব অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির আওতায় আনতে সরকারের কাছে জোরালো দাবি জানান তারা।

এ সময় জাতীয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর