বিভিন্ন আলোচনা-সমালোচনার পর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হতে পারে। তবে নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সাক্ষাৎকারের স্থান পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক প্রার্থী।
মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান টপ গ্লোভ বাংলাদেশ থেকে মোট ৩৭৯ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) প্রতিষ্ঠানটির সাবেক কর্মীদের (এক্স-ওয়ার্কার্স) যাচাই-বাছাই ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে।
অন্যদিকে আগামী ১২ নভেম্বর নিয়োগকর্তার নিজস্ব উদ্যোগে সুপারিশকৃত প্রার্থীদের (রেফারেল ওয়ার্কার্স) বাছাই ও সাক্ষাৎকার নেওয়া হবে। দুই শ্রেণির প্রার্থী মিলিয়ে মোট ৩৭৯ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
নিয়োগকর্তার পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত কর্মীদের ভিসা, মেডিকেল পরীক্ষা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত ব্যয় বহন করবে টপ গ্লোভ। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
শেষ মুহূর্তে সাক্ষাৎকারের স্থান পরিবর্তন, ভোগান্তিতে প্রার্থীরা
কর্মী বাছাইয়ের এ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য টপ গ্লোভ তাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালায়। প্রতিষ্ঠানটির লিংকডইন ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১১ ও ১২ নভেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার মাদানী অ্যাভিনিউতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়।
কিন্তু সাক্ষাৎকারের মাত্র এক দিন আগে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে নতুন বিজ্ঞপ্তি দিয়ে ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্ধারণের কথা জানানো হয়।
হঠাৎ এ পরিবর্তনে বিভ্রান্তিতে পড়েন অনেক প্রার্থী। পূর্বঘোষণা অনুযায়ী বসুন্ধরার মাদানী অ্যাভিনিউতে যাওয়ার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের নতুন করে যাতায়াত পরিকল্পনা করতে হয়। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা প্রার্থীদের জন্য বিষয়টি আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন ভেন্যু সম্পর্কে সময়মতো জানতে না পারা, যাতায়াতে অতিরিক্ত সময় ও ব্যয় এবং নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয় তাদের মধ্যে।
সাক্ষাৎকারে অংশ নিতে আসা কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, তাঁদের আগের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এ ছাড়া সাক্ষাৎকারে বাদ পড়লে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না।
প্রার্থীদের প্রশ্ন, সাক্ষাৎকারের স্থান আগে থেকে নির্ধারিত থাকার পরও কেন শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে হলো? এ পরিবর্তনের আগে সংশ্লিষ্ট নিয়োগকর্তার সম্মতি নেওয়া হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।
ভেন্যু পরিবর্তনের কারণ জানাল বোয়েসেল
হঠাৎ সাক্ষাৎকারের ভেন্যু পরিবর্তনের কারণ জানতে চাইলে গতকাল বুধবার সকালে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সাক্ষাৎকার চলাকালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সাংবাদিকদের বলেন, ‘বোয়েসেলের একটি নিজস্ব সক্রিয়তা রয়েছে। সরকারি এজেন্সি হিসেবে এই সক্রিয়তা ধরে রাখার জন্য বেসরকারি কোনো অফিস ব্যবহার করার রাইট আমাদের নেই। তাই এই সুযোগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।’
তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, শুধু সাক্ষাৎকারের স্থান পরিবর্তন করলেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয় না। বরং এ ধরনের পরিবর্তন কতটা যৌক্তিক, স্বচ্ছ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতির ভিত্তিতে করা হয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিয়োগকর্তার সম্মতি ছাড়া বা যথাযথ সমন্বয় না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শুধু সাক্ষাৎকারের স্থান নয়, প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়ও পরিবর্তন হতে পারে। তবে এ ধরনের পরিবর্তন অবশ্যই সংশ্লিষ্ট উভয় পক্ষের আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত।
তিনি আরও বলেন, সমন্বয় ও সমঝোতার অভাব থাকলে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়ার বড় বড় প্রতিষ্ঠান ভবিষ্যতে আগ্রহ হারাতে পারে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান খাতেও পড়তে পারে। তাই এ ধরনের নিয়োগ কার্যক্রম পরিচালনায় বোয়েসেলকে আরও সতর্ক, সমন্বিত ও পেশাদার ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
সাবেক ও সুপারিশকৃত কর্মী নিয়োগে টপ গ্লোভের উদ্যোগ
এবারের নিয়োগ কার্যক্রমে টপ গ্লোভের নিজস্ব কর্মী নির্বাচনের উদ্যোগও বিশেষভাবে লক্ষণীয়। প্রতিষ্ঠানটি একদিকে তাদের সাবেক কর্মীদের পুনরায় নিয়োগের সুযোগ দিচ্ছে, অন্যদিকে নিজস্ব কর্মী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপারিশে নতুন প্রার্থী নির্বাচনের উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নিয়োগকর্তার নিজস্ব চাহিদা ও পছন্দ অনুযায়ী অভিজ্ঞ সাবেক কর্মী এবং সুপারিশকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ থাকলে নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে। তবে এ ক্ষেত্রে বোয়েসেলের সহযোগিতা, প্রশাসনিক সমন্বয় এবং নিয়োগকর্তার নিজস্ব কর্মী নির্বাচনের স্বাধীনতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
জিরো কস্ট রিক্রুটমেন্টের (শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ) মূল উদ্দেশ্য কর্মীদের অভিবাসন ব্যয়ের বোঝা থেকে মুক্ত রাখা। একই সঙ্গে নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী যোগ্য কর্মী নির্বাচন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাও জরুরি।
