বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা কোচ আবদুল্লাহ আল মুতাইরি যেন নিয়মের খাতাটাই বাড়িতে ফেলে এসেছিলেন। তিনি কষলেন সাফ কর্মকর্তাদের হিসাব। মাঠে যে গোলগুলো ঠেকাতে পারেননি, সংবাদ সম্মেলনে বসে যেন তার শোধ নিলেন! সোজাসুজি জানিয়ে দিলেন, ‘সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’
আগুনের স্ফুলিঙ্গটা অবশ্য এসেছিল তার মুঠোফোন থেকেই। ভুটানের বিপক্ষে ২-২ ড্রয়ের পর রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছিলেন আবদুল্লাহ। জবাবে সাফ থেকে এলো শাস্তির সতর্কবার্তা। বাংলাদেশ ম্যাচের আগে মধ্যরাতে তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ম্যাচের আগের রাতে এমন চিঠি পেলে কোচের ঘুম আর ম্যাচ-পরিকল্পনা, দুটোই যে এলোমেলো হওয়ার কথা, সেটা বোঝার জন্য ট্যাকটিক্স-বোর্ড লাগে না।
কুয়েতের কোচ বললেন, ‘আমাকে সাফ থেকে মধ্যরাতে মুঠো ফোনে বার্তা পাঠানো হয়। সাফের রেফারিং নিয়ে এবং সাফের বিরুদ্ধে কথা বলায় আমার ৬ মাসের বেশি নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলারের মতো জরিমানা হতে পারে।’ তারপর এল সেই সংলাপ, ‘মধ্য রাতে কেন! মধ্য রাতে তো আমার স্ত্রীও আমার সঙ্গে কথা বলে না!’
এখানেই থামেননি তিনি। ষড়যন্ত্রের গন্ধ যখন নাকে এসেছে, পুরোনো ফাইল ঘাঁটতে আর বাধা কোথায়। কোচ মনে করিয়ে দিলেন, একবার ভারতীয় কোচ এক পাকিস্তানি ফুটবলারের গায়ে হাত দিয়েছিলেন। তখন সাফের ব্যাখ্যা ছিল, তিনি বিশ্বকাপ খেলা মানুষ, অথচ শাস্তির কোনো খবর শোনা যায়নি। আবদুল্লাহর দাবি, তিনি ভুটানের বিপক্ষে কোনো অসৌজন্যমূলক শব্দ বলেননি, কারও গায়েও হাত দেননি। তবু শাস্তির ভয় দেখানো হচ্ছে। এই কোচের প্রশ্ন, ‘তাহলে ভারত কোচকে কিছু বলা হয়নি কেন?’
প্রশ্নের তালিকা এখানেই শেষ নয়। তিনি যোগ করলেন, ‘আমি যদি আমেরিকান হতাম, ইউরোপিয়ান হতাম তাহলে কি সাফ আমাকে সরাসরি কিছু বলতো? অবশ্যই না।’ যুক্তির সুতোটা ধরিয়ে দিলেন ভারতের ইউরোপীয় কোচের কথা টেনে, তেমন হলে তাকেও তো শাস্তির কথা শুনতে হতো!
সবশেষে এল ঘোষণা, যা অনেকটা অবসরের বার্তার মতোই শোনাল। সাফ অঞ্চলে আর কোচিং করবেন না আবদুল্লাহ, এটাই তার শেষ সাফ টুর্নামেন্ট। বিদায়ী বক্তৃতায় আরও বললেন, ‘আমার মন স্বচ্ছ। আমি কোনো ভুল করিনি।’ আর যাবতীয় বিচারের ভার ছাড়লেন ওপরওয়ালার হাতে, ‘সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন সব কিছু পরিষ্কার হবে।’ ফেসবুকে সাফ কর্তাদের বিরুদ্ধে সব কথা ফাস করার হুমকিও দিয়ে রাখলেন। আর শেষ বলটা পাঠালেন একেবারে বক্সের ভেতর থেকে, ‘সাফ আরবদের পছন্দ করে না, এজন্যই এমনটা করেছে।’
মাঠে চার গোল হজম করে ফেরা কোচ সংবাদ সম্মেলনে অন্তত একটা কাজে অপরাজিত রইলেন; কথার লড়াইয়ে একাই খেললেন, একাই গোল করলেন, আর রেফারির বাঁশি বাজার আগেই সাফের জবাবের অপেক্ষায় বসে রইলেন।
