ভূমি অধিকারহীনতায় বাড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ঝুঁকি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ PM

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভূমি অধিকারহীনতা ও ক্রমবর্ধমান বৈষম্যের কারণে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন প্রান্তিক জনগোষ্ঠী। ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ব নিশ্চিত করতে আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ বাস্তবায়ন নেই। কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে। ফলে এসব জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্যনিরাপত্তাহীনতা বাড়ছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর এগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এএনজিওসি) যৌথ উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখারা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই-কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) চিফ অব মিশন সাবিন লাউবার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের রোয়েল রাভানেরা। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং এএনজিওসির নির্বাহী পরিচালক ন্যাথানিয়াল ডন মার্কুজ।

এছাড়া বক্তব্য দেন ভারতের ড. উজ্জয়িনী হালিম ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডেসার জেনিফার অ্যামি ব্রাউন। সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, একদিকে জনসংখ্যা বৃদ্ধি, জমির ব্যবহার ও ভূমি অধিকারহীনতা বাড়ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়ছে। ভূমির ওপর অধিকার নিশ্চিত না হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করা কঠিন হয়ে পড়বে।

দিনের প্রথম অধিবেশনে ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং ভূমিস্বত্ব নিয়ে আলোচনা হয়। ব্র্যাকের সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহিন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও নেপালের প্রতিনিধিরা নিজ নিজ দেশের ভূমি অধিকার পরিস্থিতি তুলে ধরেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে আইন থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়নের ঘাটতি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আইনের মধ্যেও বৈষম্য বিদ্যমান। ফলে এসব জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত খাদ্যনিরাপত্তার ঝুঁকি বাড়ছে।

এ অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জেন্ডার ও সামাজিক নীতিবিষয়ক বিশেষজ্ঞ অ্যানি দ্রং, গবেষক ড. ইশিতা দস্তিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সানজিদা আক্তার।

দিনের দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল ‘টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ’। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। অধিবেশনে বাংলাদেশের বিসিএএসের সিনিয়র ফেলো ড. দিজেন মল্লিক এবং নেপালের সিএসআরসির নির্বাহী পরিচালক জগৎ দেওজা দেশভিত্তিক উপস্থাপনা দেন।

অধিবেশনে ড. দিজেন মল্লিক বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম মৌলিক ভিত্তি কৃষি। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১১ শতাংশ। মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। কৃষি খাতে যুক্ত মানুষের মধ্যে প্রায় ২৪ শতাংশ নারী এবং ১৮ শতাংশ পুরুষ।’ 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, ‘দেশের কৃষি খাতের প্রধান চালিকাশক্তি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা। মোট কৃষক জনগোষ্ঠীর প্রায় ৮৩ শতাংশই প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। তারা দেশের মোট আবাদযোগ্য জমির প্রায় অর্ধেক জমিতে চাষাবাদ করেন। জীবিকাভিত্তিক কৃষি লাখ লাখ মানুষের খাদ্য, পুষ্টি ও আয়ের প্রধান উৎস।’

কৃষিতে প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রয়োগের অভিজ্ঞতা থাকলেও বর্তমানে এ খাত গভীর কাঠামোগত ও পরিবেশগত সংকটের মুখোমুখি বলে উল্লেখ করেন ড. মল্লিক। তিনি বলেন, ‘উচ্চ ফলনশীল জাতের ফসল, বালাই ও কীটপতঙ্গ দমন এবং খরা মোকাবিলায় সেচ ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে। তবে অতিরিক্ত রাসায়নিক উপকরণ ব্যবহারে মাটির গুণাগুণ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি উৎপাদনে উচ্চ বিনিয়োগের বিপরীতে কৃষকেরা কম মুনাফা পাচ্ছেন।’

আলোচনায় ডিজাস্টার ফোরামের গওহর নঈম ওয়ারা বলেন, ‘সম্মেলনে ভূমিস্বত্বের বিষয়টি বিভিন্ন উপস্থাপনায় উঠে এলেও ক্ষুদ্র কৃষক, বর্গাচাষি ও নারীদের খাদ্য ও পুষ্টির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় আনা প্রয়োজন।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মন্ত্রণালয়টি অনেক ক্ষেত্রে প্রকল্পনির্ভর হয়ে পড়ায় নারী অধিকার, স্বাস্থ্য ও পুষ্টির বিষয়গুলো আড়ালে চলে যাচ্ছে। একই সঙ্গে বর্গাচাষিদের অধিকার নিয়েও আলোচনা বাড়ানো জরুরি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে নারীদের ভূমির মালিকানার হার মাত্র ১৫ শতাংশ। বাংলাদেশে এ হার আরও কম। অথচ কৃষিকাজে নারীদের অংশগ্রহণ ও অবদান উল্লেখযোগ্য। এ পরিস্থিতির পরিবর্তনে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’

সব ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রয়োগের আহ্বান জানান তিনি।

দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনায় আরও অংশ নেন ইয়ুথ নেট গ্লোবালের সায়লা সাবনম রিচি, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মো. মোস্তাফিজুর রহমান।