ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২২ AM

২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।

সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদকের দায়িত্বে) সোয়াইব আহমেদ সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বা এখনো রয়েছে, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, প্রাপ্ত তথ্য যথাযথ যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।