ইনফান্তিনোর বিরুদ্ধে জোটের ইঙ্গিত, ফ্রান্স ও জাপানের বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ AM

২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রধান ফিলিপ দিয়ালোর সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেননি জাপানের প্রার্থী কোজো তাশিমা।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে তাশিমা জানিয়েছেন, উয়েফার মনোনীত প্রার্থী দিয়ালোর সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। যৌথ প্রার্থিতা বা সমঝোতার কোনো প্রস্তাব এলে তা খোলা মনে শুনতে প্রস্তুত বলেও জানান তিনি। তাশিমার ভাষায়, এখনো দিয়ালোর সঙ্গে কথা না হলেও তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলোর সঙ্গে তারা পুরোপুরি একমত।

এর আগে উদ্যোগটি নিয়েছিলেন দিয়ালোই। ইনফান্তিনোবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক এই সভাপতির সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছিলেন তিনি। প্রার্থিতা ঘোষণার সময় দিয়ালো বলেন, জিততে চাইলে অভিন্ন দৃষ্টিভঙ্গির সবাইকে একত্র করে শক্তিশালী মোর্চা গড়তে হবে এবং ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে।

পারস্পরিক ইতিবাচক মনোভাব থাকলেও এখনো কেউ লড়াই থেকে সরে দাঁড়াননি বা যৌথ প্রার্থিতায় সম্মত হননি। তাশিমা নিজের প্রার্থিতা ধরে রেখেছেন এবং ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে উয়েফার ধীরগতির সমালোচনা করেছেন। তার মতে, শুরুতে আর্সেন ওয়েঙ্গারের মতো কেউ না দাঁড়ানোয় এবং ইউরোপীয় প্রার্থী না থাকায় তিনি নিজেই লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন। শুধু ইশতেহারের মিল নয়, ইনফান্তিনোকে মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণ জরুরি বলেও মনে করেন তিনি।

২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য থাকা তাশিমা ন্যূনতম পাঁচটি জাতীয় অ্যাসোসিয়েশনের সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে উয়েফার পূর্ণ সমর্থন পাওয়া দিয়ালো এখন ইউরোপের বাইরেও সমর্থন বাড়াতে চাইছেন।

মরক্কোর রাজধানী রাবাতে ২০২৭ সালের ১৮ মার্চ ফিফা কংগ্রেসে ২১১টি সদস্য দেশের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন। দিয়ালো ও তাশিমা একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হতে পারেন কি না, তা-ই হয়ে উঠতে পারে এই নির্বাচনের অন্যতম বড় নির্ধারক।