শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে ক্রীড়া সংগঠকদের সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ PM

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ক্রীড়াঙ্গনের বিকাশ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সাধারণ মানুষের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে কয়েকটি ক্রীড়া আয়োজক ও সংগঠক। বিভিন্ন সময়ে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তাঁরা উপজেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তাঁদের এমন উদ্যোগ শুধু খেলাধুলার প্রতি মানুষের আগ্রহই বাড়াচ্ছে না, বরং তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রীড়াঙ্গনে তাঁদের এই প্রশংসনীয় অবদান ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ক্রীড়াচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া সংগঠকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে।

ক্রীড়াঙ্গনের এমন উদ্যোগ ও অবদানকে সম্মান জানিয়ে শিশু কিশোর সমাজ সেবা সংগঠন মনে করে, সম্মিলিত প্রচেষ্টায় মতলব উত্তর উপজেলাকে একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তোলা সম্ভব।