স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না, তবে বিএনপির সমর্থন থাকবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ PM

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা দলীয় মনোনয়নে হবে না। তবে নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সমর্থিত প্রার্থীদের তালিকা তৈরি করবে। এ ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতোমধ্যে আমরা আইন সংশোধন করেছি। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। সেখানে ধানের শীষ বা এ ধরনের জাতীয় প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি দল থেকে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ ব্যানারে বা পোস্টারে বলতে পারবেন না যে আমি অমুক দলের প্রার্থী বা তমুক দলের প্রার্থী। এখানে সরাসরি ব্যক্তি হিসেবে নির্বাচন করবেন।’

তিনি বলেন, ‘তবে বিএনপির নির্দেশনা হচ্ছে, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজল্যুশন করে সমর্থন দেবে, আমাদের প্রার্থী কারা। সেই সমর্থনের ক্ষেত্রে কেউ মানে বা না মানে, যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে জানালে সেটি সাংগঠনিক ব্যবস্থা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আবারও বলছি, স্থানীয় সরকারের সব নির্বাচন এখন থেকে নির্দলীয় হবে এবং জাতীয় কোনো প্রতীক থাকবে না। স্থানীয়ভাবে নির্বাচন হবে এবং এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু হয়ে ২৭ মে শেষ হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা অগ্নিসংযোগ, গাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে, বিভিন্ন জায়গায় বোমা মেরে, হত্যাযজ্ঞ ঘটিয়ে, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ইতিপূর্বে নতুন করে তাদের নিজেদের জেলা মনে করা সেই জেলা থেকেই একই ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তারা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা সঠিক ও যৌক্তিক—আজকে জাতির সামনে এটি নতুন করে প্রমাণিত হয়েছে। নতুন করে ভাববার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করার প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’