অভিযানে নিহত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ PM

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি পরিবারের আবাসন সংস্কার ও নিহত সেনাসদস্যের স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন, আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।